ফতুল্লায় সংঘর্ষে ১০ জন টেঁটাবিদ্ধ

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৩৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন। সোমবার সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর গ্রামে সামেদ আলী ও রহিম মিয়া গ্রুপের মধ্যকার এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর নগর এলাকাতে দুই বছর ধরে দুই গ্রুপের দ্বন্দ্ব ও প্রবল বিরোধ রয়েছে। ইতোপূর্বে তাদের মধ্যে অনেক সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ করে সামেদ আলী গ্রুপের মোক্তারের সঙ্গে রহিম মিয়া গ্রুপের কাশেম ও মমতাজ মিয়ার মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে তাদের মধ্যে হাতাহাতিও হয়। সোমবার সকাল ৯টায় স্থানীয় একটি ইটের খোলায় এ নিয়ে শালিসী বৈঠকও হয়। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মনপুত না হওয়ায় বৈঠক শেষে বাড়ি ফেরার পথে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ঘটলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে মোক্তার, মোফাজ্জল, আবুল হোসেন, শাহআলম, মনির, মমতাজ, কাশেম, আনোয়ার হোসেনসহ অন্তত ১০ জন টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়। বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের বেশীরভাগই সিরাজদিখান এলাকার।