নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর :সিইসি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪০
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দিবে না কমিশন। তেমন হলে রিটার্নিং অফিসারের নিকট সুনির্দিষ্ট অভিযোগ করার জন্য তিনি প্রার্থীদের পরামর্শ দেন। গতকাল সোমবার সকালে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও স্থানীয় সুধী মহলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা, স্থানীয় সুধীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি শাহাব উদ্দিন, গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন, রিটার্নিং অফিসার মতিয়ার রহমান, র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল কিসমত হায়াত্, ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রায়েজিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনাজ দিলরুবা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত বিভিন্ন প্রার্থী ও সুধী বৃন্দের প্রশ্নের জবাব দেন। সভায় রিটার্নিং অফিসার সার্বিক প্রস্তুতি, এ পর্যন্ত গৃহীত বিভিন্ন কাজের বর্ণনা ও নির্বাচনের পরিবেশ সম্পর্কে বক্তব্য রাখেন। সিইসি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনার ভোট অত্যন্ত মূল্যবান। তাই সাবধানে ভোট দিবেন, যেন ভোটটি বাতিল না হয়। সবাই সহযোগিতা করলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন চায় একটি আনন্দ মুখর-উত্সব মুখর নির্বাচন।