সাতক্ষীরার ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪১
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। গত মঙ্গলবার মন্ত্রণালয় বরখাস্তের এ আদেশ দিয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রেরিত পত্রে জানানো হয়েছে, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার কারণে জাহাঙ্গীর আলমকে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সমীচীন নয়। সেহেতু গত ১১ জুন চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বছর ধানদিয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সালিশ বৈঠককে কেন্দ্র করে ধানদিয়া-কাটাখালী গ্রামের মতিনুর রহমান ডাবলুকে চড় মারেন। এ ঘটনায় ডাবলুর ভাই আব্দুল হাই বাদি হয়ে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেন। জাহাঙ্গীরসহ কয়েকজনের নামে পুলিশ চার্জশিট দাখিল করে এবং আদালতে গৃহীত হয়। চেয়ারম্যান জাহাঙ্গীর কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।