গাড়ি দুর্ঘটনার পর রঙে ঢাকালো শরীর

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৪১
দুর্ঘটনার কথা শুনলে সবাই আঁতকে ওঠে। কারণ দুর্ঘটনা ঘটা মানেই কোনো না কোনো অশুভ সংবাদ বয়ে নিয়ে আসা। কিন্তু সেই দুর্ঘটনা যদি কারো গায়ে রঙ মেখে দেয় তাহলে সেটা হয়তো বিস্ময়কর মনে হবে। আর এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। খবর এপির। ওয়াশিংটনের বেলফেয়ারের মহাসড়কে একজন চালক একটি কুকুর এবং পাঁচ গ্যালন রং নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং রাস্তার কিনারে পড়ে যায়। তবে গাছের কারণে গাড়িটি নিচে পড়তে পারেনি। দুর্ঘটনার পর কাছে কর্তব্যরত এক পুলিশ এবং ওই স্থানে ঘোরাফেরা করা একজন অগ্নিনির্বাপক কর্মী গিয়ে তাদের উদ্ধার করেন। গাড়ি থেকে বের হওয়ার পর যখন চালকের সংজ্ঞা ফেরে তখন দেখতে পান তার পুরো শরীর রংয়ে ঢেকে গেছে। তার কালো কুকুরটিও রং বদলে ফেলেছে। পরে পুলিশ কুকুরটিকে গোসল করিয়ে পূর্বের রঙে ফিরিয়ে আনে।