যশোর অফিস
৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহূত স্কুল ছাত্র হাসিবুল হাসান তানভীরকে (১৫) নড়াইল থেকে উদ্ধার করেছে র্যাব। নড়াইলের লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়া এলাকা থেকে গত রবিবার মধ্য রাতে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ জুন বিকালে যশোর সদরের আরবপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল। সে যশোর শহরের পুরাতন বিমান বন্দর সড়ক এলাকার হাফিজুর রহমানের ছেলে এবং দাউদ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এবিএম জাহিদুল করিম গতকাল এক ব্রিফিংয়ে উদ্ধার অভিযানের বর্ণনা করেন। তিনি জানান, এ অপহরণে জড়িত সন্দেহে নড়াইলের কুড়িগ্রাম এলাকার আক্তার আলী খন্দকারের ছেলে রিন্টু খন্দকারকে (২৮) আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোর তানভীর র্যাবকে জানিয়েছে, তার দূরসম্পর্কীয় মামা খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাগড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মাসুদের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়।
