বারেক কায়সার \ ১৯১১ সালে স্থাপিত হয় উত্তর শাহবাজপুর জর্জ ইনস্টিটিউশন নামক স্কুলটি। তত্কালীন হিন্দু জমিদার রজনীকান্ত রায় চৌধুরী স্কুলটি প্রতিষ্ঠা করেন। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় স্কুলটির অবস্থান। পাঁচবার মেঘনার ভাঙ্গনের কবলে পড়েও ঐতিহ্য ধরে রেখেছে স্কুলটি। বর্তমানে স্বপ্নের চাইতেও বেশি অগ্রসর স্কুলটি। এখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষাসহ তিনটি বিভাগ চালু আছে। স্বাধীনতার পরে স্কুলটির পরিচালনা পর্ষদে ৫ বছর ছিলেন মাস্টার মকবুল আহাম্মেদ। সে সময় স্কুলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। স্কুলে বর্তমানে প্রায় ৪২৫ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক। স্কুলটির অবকাঠামো ও পরিবেশ যেকোন পথিকের নজর কাড়ে। খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে চলেছে স্কুলটি। এ স্কুলে আছে একটি চৌকস স্কাউট ও গার্লস গাইড দল। স্কুলের একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে এসব বিষয়ে সত্যতা যাচাই করা হয়েছে। স্কুলের এ ঐতিহ্যের পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর প্রচেষ্টা, পরিচালনা পরিষদ ও এলাকার অভিভাবকদের সহযোগিতা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এই স্কুলের বহু ছাত্র-ছাত্রী। বর্তমানে প্রধান শিক্ষক আবদুল বারেক চৌধুরীর পরিচালনায় একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার স্নেহের পরশে ছাত্র-ছাত্রীরা অধ্যয়নরত আছে।
শাহাদাত হোসেন
১০ম শ্রেণি, রোল নং-১
১৯১১ সাল থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছে। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি সামনের দিকে আরো সুনামের সঙ্গে ভালো ফলাফলে অবদান রাখবে এটা আমার প্রত্যাশা। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে দেশের প্রথমসারির উচ্চ বিদ্যালয় হিসেবে দেখতে চাই।
আশফাকুর রহমান
৯ম শ্রেণি, রোল নং-১
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি। আমি চাই আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা থাকুক। যার মাধ্যমে ইন্টারনেট সেবাগুলো পেতে সহজ হবে। আমার বিদ্যালয়টি ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমি চাই বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জান্নাতুল মাওয়া
৮ম শ্রেণি, রোল নং-১
আমি আমার বিদ্যালয়টি সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। শিক্ষা, বিনোদন, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সকল দিক থেকে সমভাবে কৃতিত্বের সঙ্গে এগিয়ে যাক এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা অবদান রাখুক এটাই আমার প্রত্যাশা। আমি এই বিদ্যালয়টিকে মেহেন্দিগঞ্জবাসীর অহংকার হিসেবে দেখতে চাই।
ফারসিনা বেগম
৭ম শ্রেণি , রোল নং-১
ফলাফলের দিক থেকে আমাদের স্কুল সবসময় ভালো করে। আমরা বিদ্যালয়টিকে সবসময় ভালো ফলাফলের সেরা বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেইসাথে বিদ্যালয়ের সকল ধরনের সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর প্রভৃতি কর্মকাণ্ড দেখতে চাই। আমাদের স্কুলের পরিবেশ আরো ভালো দেখতে চাই।
মুসফিকুর রহমান
৬ষ্ঠ শ্রেণি, রোল নং-১
আমি আমার বিদ্যালয়ে ক্যান্টিন, ফুলের বাগান, পাঠাগার ও বিজ্ঞানাগারের আরো উন্নয়ন চাই। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে দেখতে চাই। সেইসাথে বিদ্যালয়টি এই অঞ্চলের সেরা স্কুল হিসেবে গড়ে উঠুক। যাতে করে আমরা আমাদের এই স্কুলকে নিয়ে গর্ব করতে পারি।
