রূপকথা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ১৯:৪১
সদস্য নম্বর: ১৩৬৫ রূপোর থালায় দেখিছিলাম রূপকথার ওই হাতি টুনির পিঠা-বড্ড মিঠা, জাদুর প্রদীপ বাতি। এক পা এগুই, দু’পা পেছাই, ইছামতীর নদী— ভাবতাম-আহা, সেই জগতে হারিয়ে যেতাম যদি! রাজ্যহারা রাজপুত্রের বুকের মাঝে আশা— তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক ভালোবাসা। গোপন কথার ভাঁড়ার কোলে শুক-সারীদের জোড়া, পাখির মত উড়ে চলে পঙ্খিরাজ ঘোড়া। খুব আড়ালে-চোখ ভেজালে দেখতে কি কেউ পায়? জিয়নকাঠি রাজকন্যার ঘুম ভাঙিয়ে হায়। প্রাণের ভ্রমর হারিয়ে পামর দৈত্য কুপোকাত, কথা ফুরল, প্রাণ জুড়াল, সবই দুধভাত! পরীর দেশের নীলপরীরা হাওয়ায় মিশে যায়— চাঁদের ছাদে আপন মনে তাদেরই গান গায়। সে গানের সুরে ঘুম ভাঙলে-কোথায় আজ আমি? কত দিন কাশ দেখি না, ছুঁই না মাটি দামি! উড়িয়ে দিয়ে বুড়িয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া স্মৃতি- রূপকথাদের গল্প পড়ার টেনেছিলাম ইতি। তবু আমার কাছে ‘স্বপ্নপূরণ’ মানে সহজ কথা— রূপকথাকে হারিয়ে দেওয়া রঙিন বাস্তবতা। চাঁদপানা মুখ- আধখানা সুখ, প্রাণের কানাকানি- রূপকথারা আমায় দিও একটুকু হাতছানি।