গল্পে গল্পে সুফিয়া কামাল
গল্পে গল্পে সুফিয়া কামাল একখানি জীবনী। এটি লিখেছেন শিক্ষাবিদ ও ছোটদের প্রিয় লেখক শফিউল আলম। গ্রন্থটিতে রয়েছে ছোটদের উপযোগী প্রখ্যাত কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনের নানা কাহিনী। সহজ-সরল ভাষায় কবি সুফিয়া কামালের জীবনের ঘটনা বর্ণনা করা হয়েছে। বইটি আর্ট পেপারে ছাপা। পাতায় পাতায় ছবি। ছবিগুলো এঁকেছেন মো.এহসানুল হক। প্রচ্ছদ শরফুদ্দিন আহমদের আঁকা। এটি ছাপা হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। মূল্য পঁচাশি টাকা।
বন্ধু আমার বন্ধু
বন্ধু আমার বন্ধু আমার একখানি শিশুতোষ উপন্যাস। এটি লিখেছেন মনোশিক্ষাবিদ ও সাহিত্যিক মোহিত কামাল। আলোচ্য বইটিতে একটি শিশুর মনোজগতের সৃষ্টিশীল আলোড়ন নিয়ে রচনা করা হয়েছে। মূলত রূপকথার মাধ্যমে কল্পনার সংগে যোগ হয়েছে বাস্তব জগত্। বইটি অঙ্গসজ্জা আকর্ষণীয়। সহজ-সরল বর্ণনা ছোটদের কাছে আদৃত হবে এবং জিদনির কাহিনী ছোটদের ভালো লাগবে। এটি প্রকাশ করেছে ঢাকার পাঠসূত্র। মূল্য একশত বিশ টাকা।
ছড়া পড়ি গান করি
ছড়া পড়ি গান করি একখানি ছড়া-গানের বই। এটি লিখেছেন কবি ও গীতিকার আবু জাফর আবদুল্লাহ। বইটি সংকলন করা হয়েছে শিশুতোষ ছড়া ও ছড়াগান দিয়ে। প্রত্যেকটি ছড়া ও ছড়াগান অলঙ্করণকৃত। উন্নতমানের কাগজে ছাপা বইটির প্রচ্ছদপট মন্দ নয়। প্রচ্ছদ এঁকেছেন অনুপম কর। এটি ছাপা হয়েছে ঢাকার বাংলাবাজারস্থ নন্দিতা প্রকাশ। মূল্য একশত বিশ টাকা। ছড়া পড়ি গান করি ছোটদের ভালো লাগবে। — হাফিজুর রহমান
