বিচিত্র এই ধরণীতে কতই না বিচিত্র রূপ। মানুষও আছে নানা রঙ্গের, বহুরূপী ও নানা চরিত্রের। এমন একজন বিচিত্র মানুষ দীনেশ চন্দ্র ওরফে ধলু। তিনি একই অঙ্গে একইকালে ধারণ করছেন তিন রূপ। সম্পৃক্ত রয়েছেন তিনি তিন পেশায়। প্রয়োজনে নর্তকী, কখনও বাজনদার আবার কখনও ফুটপাতে বাদাম বিক্রেতা। এছাড়াও যখন যে কাজ জোটে এভাবেই চলছে তার জীবন-জীবিকা।
ধলু তার নাম ডাক। এ নামেই সে সবার কাছে পরিচিত। পারিবারিক নাম দীনেশ চন্দ্র মিস্ত্রী। পিতার নাম প্রহ্লাদ চন্দ্র মিস্ত্রী। চার ভাইবোনের মধ্যে ধলু তৃতীয়। পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের পীরতলা গ্রামে তার জন্ম। শৈশবে ফর্সা ও সুন্দর চেহারার কারণে তাকে ডাকা হত ধলু নামে। সবাই সে নামেই তাকে চেনে ।
