বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ড. লীনা তাপসী খান ও তার মেয়ে মাহজাবিন খানের একটি যৌথ অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামের শিরোনাম ‘গোধূলি লগনে’। আগামী ৯ জুলাই জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে বলে লীনা তাপসী খান জানিয়েছেন।
মেয়ের সঙ্গে অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগীত আমার সাধনা। সংগীতের মাঝেই আমি প্রাণ খুঁজে পাই। তাই আমি চাই, আমার উত্তরসূরির মাঝেও যেন সংগীতের সুরপ্রবাহ বহমান থাকে। অ্যালবামের পুরো কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছি। আগামী ৯ জুলাই আমার সংগীত বিদ্যালয় ‘আনন্দগীত বাদ্যম’র উদ্যোগে ‘গোধূলি লগনে’ অ্যালবামের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হবে।’ অ্যালবামটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এতে মোট ১১টি নজরুলসংগীত থাকছে। এরমধ্যে আমার ও মাহজাবিনের একক কণ্ঠে ৫টি করে মোট ১০টি গান রয়েছে। আরেকটি আমাদের দু’জনের যৌথ গান। এ অ্যালবামে নজরুলের প্রচলিত-অপ্রচলিত দুই ধরনের গানই রয়েছে। সবকটি গানের সংগীত পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক স্বপন চ্যাটার্জি।’
