থাই কারাগারে আটক উখিয়ার ৫ জনকে ফিরিয়ে আনার আবেদন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:১১
চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে থাইল্যান্ডের কারাগারে আটক ৫ হতভাগাকে স্বদেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে তাদের আত্মীয়-স্বজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকা চোয়াংখালী গ্রামের আলতাজ মিয়ার ছেলে নুরুল কবির, একই এলাকার মকতুল হোসেনের ছেলে নুরুল হুদা, ছৈয়দ করিমের ছেলে মুফিজ আলম, মৃত তাজর মুল্লুকের ছেলে ছৈয়দ করিম ও হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের রশিদ আহমদের পুত্র নূর আহমদ স্থানীয় দালাল চক্রের খপ্পরে পড়ে গত ১০ জানুয়ারি সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে সাগরে ট্রলার ডুবির কারণে অন্যান্য সফরসঙ্গী প্রায় ৪৫ জন নিখোঁজ হয়ে গেলেও ৫ হতভাগাকে জেলেরা উদ্ধার করে থাইল্যান্ড পুলিশের হাতে সোপর্দ করে। গত কয়েকদিন আগে থাইল্যান্ড কারাগার থেকে মোবাইল ফোনে ৫ জনের কারাগারে আটক থাকার বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়। তাদের স্বদেশে ফেরত আনতে থাইল্যান্ড কারাগারে আটক নুরুল কবিরের পিতা আলতাজ মিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে সাংবাদিকদের জানান।