সখীপুরে ১৫টি প্রাইমারি স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩১
টাঙ্গাইলের সখীপুরে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে অনেক আগেই চিহ্নিত করেছে সখীপুর স্থানীয় প্রকৌশল বিভাগ। দীর্ঘদিন ধরে ঐসব বিদ্যালয়ে প্রায় চার হাজার শিশু শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে। ঐসব বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কে ভুগছেন বলে জানা গেছে। জানা যায়, গত দুই বছর আগেই সখীপুর উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি পাকা ভবন পরিত্যক্ত ঘোষণা করেছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। এসব বিদ্যালয় হচ্ছে তৈলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবিসি বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট পাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়ার বাইদ রেজি. প্রাথমিক বিদ্যালয়, হাজী আজাহার আলী রেজি. প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘোনারচালা রেজি. প্রাথমিক বিদ্যালয় । দক্ষিণ ঘোনারচালা রেজি. প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বলেন, যে কোন সময় ওই ভবনটি ধসে যেতে পারে। পঞ্চম শ্রেণির ছাত্র লিমন বলেন, আকাশে মেঘ থাকলে ভয় করে, তখন বাড়ি চলে যাই। অতিরিক্ত ভবন না থাকায় বাধ্য হয়েই ওই ভবনে ক্লাস করতে হচ্ছে। সখীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আবদুল গফুর মিয়া বলেন, উপজেলার ১৫টি বিদ্যালয় ভবন খুবই ঝুঁকিপূর্ণ। ওইসব ভবনে ক্লাস না নেয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক জানান, আমি সদ্য এ কর্মস্থলে যোগ দিয়েছি। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে ক্লাশ না নেয়ার জন্য প্রধান শিক্ষকদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ১৫ বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।