দেশের বিভিন্নস্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
লক্ষ্মীপুর \ লক্ষ্মীপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের ৪২ কোটি ৫০ লক্ষ ২৩ হাজার ৪৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয় নছির আহম্মদ ভুঁইয়া মিলনায়তনে পৌর মেয়র আবু তাহের পৌরসভার ৩৬তম এ বাজেট ঘোষণা করেন। ২০১৩-১৪ অর্থবছরের এ বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৩ লক্ষ ৫১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ২৫ লক্ষ টাকা। ব্যয় নির্বাহের পর এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৭ লক্ষ ৩১ হাজার ৩৬২ টাকা। এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক একেএম শাহাজাহান কামাল।
গোপালগঞ্জ \ নতুন কোন করারোপ ছাড়াই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের ৫১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৪৩১ টাকার নয়া বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার টুঙ্গিপাড়া পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৫৫৮ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা। বাজেটে উন্নয়ন খাতে সরকারি অনুদান ধরা হয়েছে ৪৯ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৪৭৩ টাকা।
নওগাঁ \ নওগাঁর সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরে ২২ লাখ ৫৪ হাজার ৩শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের চেয়ারম্যান দেওয়ান নূরুল্লা এ বাজেট ঘোষণা করেন। মঙ্গলবার পরিষদ হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল্লা-আল-মামুন, সচিব মোজাম্মেল হক, ওয়েভ ফাউন্ডেশন নওগাঁর প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন, সাথী বেগম, এলাকার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর \ চাঁদপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার মোট ৬০ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ২শ’ ৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে রবিবার সন্ধ্যায় পৌর মেয়র নাসিরউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে নতুন কোনো ধরনের করারোপ করা হয়নি। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
পাংশা (রাজবাড়ী) \ রাজবাড়ী পাংশা পৌরসভার পৌর মেয়রের নিজ কক্ষে সোমবার স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে পাংশা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার। এসময় সম্মেলন কক্ষে কাউন্সিলার গণ উপস্থিত ছিলেন ।
কমলগঞ্জ (মৌলভীবাজার) \ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার কামারচাক ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান। কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনেআরা ওয়াহিদ।
বেনাপোল (যশোর) \ বেনাপোলে সোমবার পৌরসভার নিজস্ব কার্যালয়ে ২০১৩-১৪ অর্থবছরের ৮৭ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার বাজেট ঘোষণা করেছেন। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এসময় রাজস্ব বাজেট ৩ কোটি ৮৯ লক্ষ ৩৯ হাজার ৬৪ টাকা ও উন্নয়ন বাজেট ৮৩ কোটি ৮১ লক্ষ টাকা ঘোষণা করেন।
পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ।
সাতকানিয়া (চট্টগ্রাম) \ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১৯ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৫৯৬ টাকার বাজেট ঘোষিত হয়েছে। রবিবার পৌরসভা কার্যালয়ে এ বাজেট পেশ করেন পৌর মেয়র মোহাম্মদুর রহমান। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৪৩০ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা, রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৬ লাখ ৪২ হাজার ৪৩০ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ১৬ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ১৮৭ টাকার আয় ও ১৫ কোটি ৭০ লাখ টাকার ব্যয় ধরা হয়েছে।
মদন (নেত্রকোণা) \ নেত্রকোণা জেলার মদন পৌরসভার নতুন করারোপ ছাড়াই ২০১৩-২০১৪ অর্থ বছরের ৭ কোটি ৬৯ লক্ষ ৪২ হাজার ৮শ ৪৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন।
