কোটালীপাড়ায় বিষ প্রয়োগে মাছ নিধন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩২
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্বৃত্তের বিষ প্রয়োগে প্রাণ গেল ১৭ হাজার মাছের পোনার। কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামে প্রান্তিক মত্স্যচাষী রমনী রায়ের পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই মত্স্য চাষী সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় ওই গ্রামের পঞ্চানন রায়ের ছেলে পলাশ রায়কে সন্দেহ করে রমনী রায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রমনী রায় অভিযোগ করে বলেন, আমি ধার-দেনা করে ওই গ্রামের গোপাল বিশ্বাসের একটি পুকুর ৩ বছরের জন্য ৭৫ হাজার টাকায় ইজারা নিয়ে মাছ চাষ শুরু করি। এর পাশাপাশি পুকুরের উপর মুরগির ফার্ম করার প্রস্তুতি নেই। সেখানে মুরগির ফার্ম করতে গেলে দুর্জয় ক্লাবের সভাপতি পলাশ রায় বাধা দেন। আমি মুরগির ফার্ম করার সিদ্ধান্ত প্রত্যাহার করি। কিন্তু ক্লাবের পাশে গোপাল বিশ্বাসের ফাঁকা জায়গায় পলাশ হাসের ফার্ম করার জন্য জায়গা চায়। মালিক পলাশকে জায়গা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার ইজারা নেয়া পুকুরে বিষ দিয়ে ১৭ হাজার পোনা মেরে ফেলেছে। এখন আমি পথে বসেছি। অভিযুক্ত পলাশ রায় অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নই। আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।