দিনাজপুরে ৮ কোটি টাকার পাথর ডাস্ট অবিক্রিত

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৩৩
দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে দীর্ঘদিন ধরে আট কোটি টাকা মূল্যমানের দুই লাখ টন পাথরের গুঁড়া অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। একশ্রেণির ব্যবসায়ী কম দামে কেনার জন্য সিন্ডিকেট করে ডাস্ট কেনা বন্ধ করে দিয়েছে। সূত্র জানায়, মধ্যপাড়া কঠিন শিলা খনিতে গত ২০০৭ সালের ২৫ মে থেকে বাণিজ্যিকভাবে উত্তোলনে যাওয়ার পর থেকে ভূগর্ভ থেকে উত্তোলিত বিভিন্ন আকারের পাথরের সাথে উত্তোলিত এ ডাস্টের ব্যাপক চাহিদা ছিল। সিমেন্ট ফ্যাক্টরিগুলো ফ্লাইএ্যাস হিসেবে এই ডাস্ট ব্যবহার করতো। কিন্তু খনি কর্তৃপক্ষ এই ডাস্টের দাম প্রতিটন ৫ ডলার থেকে বৃদ্ধি করে ১১.২৫ ডলার নির্ধারণ করায় ডাস্টের ক্রেতা কমতে থাকে। এক বছর পর পূর্বের দামে ফিরে আসলেও ক্রেতা সিন্ডিকেটের কারণে এ ডাস্টের ক্রেতা মিলছে না। কোম্পানির মহাব্যবস্থাপক (মার্কেটিং) মীর আব্দুল হান্নান জানান, এক সময় মধ্যপাড়া খনির পাথরের এই ডাস্টের ক্রেতা ছিল সিমেন্ট ফ্যাক্টরিগুলো। তাদের চাহিদামত সরবরাহ করা যাচ্ছিল না। সিমেন্ট উত্পাদানে ফ্লাইএ্যাস হিসেবে, ডেকোরেটিভ টাইলস তৈরির কাঁচামাল হিসেবে, পানি উন্নয়ন বোর্ডের নদী শাসনের সিসি ব্লক নির্মাণে এবং রাস্তার কার্পেটিংয়ের ফাইনাল কোটিং-এর জন্য এই ডাস্ট ব্যবহার করা যাবে। শুধু তাই নয় এ ডাস্টে ৩০ শতাংশ ২.৫ এমএম চিপস পাথর ছাঁকুনির মাধ্যমে পাওয়া যাবে যার বাজার মূল্য ১২/১৪ ডলার অর্থাত্ যে চিপস পাথর পাওয়া যাবে তা বিক্রি করেই মূল টাকা ফেরত পাওয়া যাবে।