ধূমপান ছাড়া কঠিন। অন্তত: যারা চেইন স্মোকার তাদের জন্য তো বটেই, অনেক ক্ষেত্রে সৌখিন স্মোকাররাও ধূমপান ছাড়তে চান না। অথচ ধূমপায়ীদের ক্যান্সারের ঝুঁকি, হার্ট এ্যাটাকের ঝুঁকি এবং সর্বোপরি শারীরিক বা সেক্সুয়াল সমস্যার ঝুঁকি এসব জানা সত্ত্বেও সম্পূর্ণ অযৌক্তিক কারণে ধূমপান ছাড়ছেন না বেশিরভাগ ধূমপায়ী। তবে সেন্ট জোজেফ মেডিক্যাল সেন্টার ক্যান্সার ইনস্টিটিউটের টোবাকো ট্রিটমেন্ট স্পেশালিস্ট ড. ক্রিস্টিন মুজম্যান মনে করেন যাদের সত্যিকার অর্থে ধূমপান ছাড়ার ইচ্ছা আছে তাদের জন্য ধূমপান ছাড়া অসম্ভব নয়। তবে তিনি স্বীকার করেন এটা একটা কঠিন কাজ।
ধূমপান ছাড়ার ক্ষেত্রে আজকাল নিকোটিন গাম, চকলেট, স্টিক পাওয়া যায়। প্রাথমিকভাবে এসব গ্রহণে অনেক সময় ধূমপানের ওপর থেকে আসক্তি কমে। তবে ড. ক্রিস্টিনের মতে ধূমপান ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইচ্ছা শক্তি। ধূমপায়ী যদি বিবাহিত হয়ে থাকেন তবে সহধর্মিণী ধূমপান ছাড়তে স্বামীকে উদ্বুদ্ধ করতে পারেন। এছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের যেসব তরুণ-তরুণী ধূমপানে আসক্ত হয়ে পড়ছে তাদের ধূমপান থেকে বিরত রাখতে অধূমপায়ী সহপাঠিরা ভূমিকা রাখতে পারে। আর যারা একবার ধূমপান ছেড়ে দেবে তাদের কোন অবস্থাতেই আর ধূমপানে আসক্ত হওয়া উচিত নয়। মনে রাখতে হবে ধূমপায়ীকে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে অন্যের জন্য নয়, নিজের বাঁচার জন্য। লেখক :চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
