একনেকে ৪২২৮ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২১:৪৪
সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নেটওয়ার্ক সমপ্রসারিত হচ্ছে। এ লক্ষ্যে ১ হাজার ৩৩৩ কোট টাকা ব্যয়ে “ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেইজ-২” বা সংক্ষেপে ‘ইনফো সরকার-২’ নামের একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম জানান, ‘ইনফো সরকার-২’ প্রকল্পটিতে চীন সরকার ১ হাজার ৮৭ কোটি টাকা ঋণ দেবে। এ বিষয়ে ইতিমধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি এবং ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির কার্যক্রম বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ৭টি বিভাগীয় দপ্তর এবং সকল জেলা ও ৪৮৫টি উপজেলার সরকারি অফিসে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে কোরীয় সরকারের সহায়তায় বর্তমানে বাস্তবায়নাধীন ‘বাংলা-গভ.নেট’ প্রকল্পের আওতায় সৃষ্ট আইসিটি সুবিধাদি তৃণমুল পর্যায়ে সরকারি অফিসসমূহে সমপ্রসারিত হবে। প্রকল্পের আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাড়ে ১৭ হাজারেরও অধিক সরকারি অফিসে আইসিটি নেটওয়ার্ক স্থাপন করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সরকারি অফিসে ৮০০টি ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হবে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১২টি নেটওয়ার্ক প্রশিক্ষণ ল্যাব স্থাপন, সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন এবং থ্রি-জি সমৃদ্ধ প্রায় ২৫ হাজার ট্যাবলেট পিসি প্রদান করা হবে। জুলাই ২০১৩-জুন ২০১৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ভুঁইয়া শফিকুল ইসলাম আরো জানান, সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে প্রায় ৪ হাজার ২২৮ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে ২ হাজার ৫৫৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ১ হাজার ৬৭০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল, ৮৬ কোটি টাকা ব্যয়ে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপর বঙ্গবন্ধু ফেলোশিপ (প্রথম সংশোধিত) প্রকল্প, ১৬২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্?স্টিটিউট এর অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প, ৭২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও রাউজান উপজেলার কর্ণফুলী নদী, বোয়ালখালী ও রাইখালী খাল এবং এর বাম ও ডান তীরের বিভিন্ন অংশে প্রতিরক্ষা কাজ, ১০২২ কোটি টাকা ব্যয়ে নদী খনন (প্রথম সংশোধিত) প্রকল্প, ৩৭ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা-বিবির বাজার স্থলবন্দর সড়ক উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প, ৩৮৬ কোটি টাকা ব্যয়ে বিআরটিসি’র জন্য ডবল ডেকার, সিঙ্গেল ডেকার এসি এন্ড আর্টিকুলেটেড বাস সংগ্রহের (প্রথম সংশোধিত) প্রকল্প এবং ২৮ কোটি টাকা ব্যয়ে খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কের চেইনেজ সড়ক উঁচুকরণ ও পুনর্নির্মাণ এবং ৭টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প।