বর্তমান সরকারের চার বছরে বিটিসিএল-এর বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫৩ কোটি টাকা। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সংসদকে এ তথ্য জানান। সংসদ সদস্য আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বকেয়া পাওনা ৩৫২ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টেলিফোন ও অন্যান্য টেলিকম সেবা বাবদ বকেয়া ৬১ কোটি ৯১ লাখ টাকা। আর বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিটিসিএল-এর বকেয়ার পরিমাণ ২৯১ কোটি দুই লাখ টাকা।
