গত বছর অবরোধে পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আসামিদের উপস্থিতির জন্য আগামি ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. শফিউল্লাহ এ দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের পর সোমবার বিকালে তিনি মামলার নথিপত্র বুঝে পেয়েছেন। কিন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর বিচারক বদলি হয়ে যাওয়ায় বর্তমানে এ আদালতে কোন বিচারক নেই। দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক ভারপ্রাপ্ত হিসাবে আছেন। এ আদালতে নথিটি উপস্থাপন করা হয়েছে। বিচারক না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এ মামলার বিচার করবেন।
পরবর্তী ধার্য তারিখে ভারপ্রাপ্ত বিচারক মামলার সাক্ষ্য গ্রহণ করবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। প্রসঙ্গত, গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিবেশন-১ এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ বদলির আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে। অথচ ২৭ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ এর বিচারক মো. মোতাহার হোসেনকে ঢাকার বিশেষ জজ-৩ এ বদলি করা হয়েছে। এর আগে মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। দ্রুত বিচারে বদলি করা হবে বলে দায়রা জজ আদালতে গত ১৩ ও ২৭ জুন পরপর দুইটি তারিখে সাক্ষী হাজির থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারগারে আছেন। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন নিরীহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিত্ দাস।
এদিকে পল্টন থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার-৬ এর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান এ দিন ধার্য করেন।
