বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে ৩০ জন আহত

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৪০
বিয়ানীবাজারে সরকারি কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের পাবেল গ্রুপের ৬ নেতাকর্মীকে আটক করে এবং বিকালের দিকে তাদের ছেড়ে দেয়া হয়। গুরুতর আহত ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার একাদশ-স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ এবং স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ। এ উপলক্ষে শক্তি প্রদর্শন করতে ছাত্র সংগঠনগুলোও ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয়। সকাল ১১টায় শুরু হওয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথির আসন গ্রহণ করেন। তার উপস্থিতির পরপরই কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের জামাল গ্রুপ এবং প্রপার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।