লিমনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার মামলা সিএমএম কোর্টে স্থানান্তর

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৪৭
লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা সরকারি কাজে বাধা দেয়ার মামলাটি বিচারের জন্য মুখ্য বিচারক হাকিম আদালতে(সিজিএম কোর্ট) স্থানান্তর করা হয়েছে। ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার মামলাটি স্থানান্তর করেন। এ মামলায় লিমনের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়ায় সে আদালতে আসেনি। লিমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য হাজিরা দিয়েছেন। বিচারের জন্য মামলাটি স্থানান্তর হওয়ায় আগামী ১৮ জুলাইয়ের পরিবর্তে ধার্য তারিখে সিজিএম কোর্টে লিমনসহ ৮ আসামির নতুন করে জামিনের আবেদন করা হবে বলে আইনজীবীরা জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য গত ৩০ মে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি গতকাল উপস্থাপন করা হলে মামলাটি বিচারের জন্য সিজিএম কোর্টে পাঠানো হয়। সরকারি কাজে বাধাদানের এ মামলায় রাজাপুর থানার উপ-পরিদর্শক আবদুল হালিম তালুকদার ২০১২ সালের ১ জুলাই লিমনসহ অপর ৮ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।