প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিদ্যুত্ বিভাগের বক্তব্য

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৪৭
দৈনিক ইত্তেফাক-এ ২ জুলাই প্রকাশিত ‘রমজানেও বিদ্যুত্ ঘাটতি হাজার মেগাওয়াট’ শীর্ষক সংবাদের শিরোনামটি সঠিক এবং তথ্যনির্ভর নয় বলে মঙ্গলবার বিদ্যুত্ বিভাগ থেকে দেয়া এক চিঠিতে এ অভিযোগ জানানো হয়। সেখানে বলা হয়, ‘রমজান মাসে বিদ্যুতের চাহিদা প্রায় ছয় হাজার ৫০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশকে লোডশেডিং মুক্ত রাখার জন্য বিদ্যুত্ বিভাগ থেকে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তবে সমগ্র বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ অব্যাহত রাখার জন্য পবিত্র রমজান মাসে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের জন্য সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হয়েছে।’ প্রতিবেদকের বক্তব্য অর্থমন্ত্রণালয় থেকে প্রকাশিত গত অর্থবছর এবং চলতি অর্থবছরের ‘বিদ্যুত্ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা’য় ২০১৩ সালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে আট হাজার ৩৪৯ মেগাওয়াট। আর সোমবার বিদ্যুত্ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়েছে এ বছর সর্বোচ্চ উত্পাদন করা হবে ছয় হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুত্। সে হিসাবে এক হাজার ৮৪৯ মেগাওয়াট বিদ্যুত্ ঘাটতি হওয়ার কথা চলতি গ্রীষ্ম মৌসুমে। মে জুন জুলাই মাসেই বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে।