খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস কর্মী নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৫০
জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১৬ নম্বর ভুইয়াছড়ি এলাকার তাজ টিলায় গতকাল মঙ্গলবার মিথুন চাকমা (২৮) নামে এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) একজন সদস্য। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ার করে হত্যা করেছে। নিহতের পারিবারিক ও স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, মিথুন চাকমা দীঘিনালা থেকে বাজার করে গতকাল সকাল ৯টার দিকে বাড়ি ফিরছিল। পথে আগে থেকে অবস্থান নেয়া অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর তারা মিথুনের বুকে ও মাথায় ব্রাশফায়ার করে পালিয়ে যায়। নিহতের পরিবার এ ঘটনায় সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। যদিও সমিতির নেতারা বলেছে এ অভিযোগ ভিত্তিহীন। উল্লেখ্য, জেলার পানছড়ি উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) নেতা সুপন চাকমা ওরফে সাগরকে (৪০) গত শনিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে হত্যা করে। এ ঘটনার ৪ দিন পর দীঘিনালায় মিথুনকে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যা করলো।