আরব আমিরাতে ৬৪ ইসলামপন্থিকে কারাদণ্ড

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৫১
সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক শীর্ষ আদালত গতকাল মঙ্গলবার ৬৪ জন ইসলামপন্থিকে ১৫ বছর মেয়াদ পর্যন্ত সাজা এবং অপর ২৫ জনকে খালাস দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এর নিন্দা জানিয়েছে। খবর বিবিসি ও এএফপি’র। সরকারি টেলিভিশনের রিপোর্টে বলা হয়, ফেডারেল সুপ্রিম কোর্ট অভিযুক্ত ৯৪ জনের মধ্যে ৫৬ জনকে ৭ থেকে ১০ বছরের সাজা দিয়েছে এবং বিচারকার্যে অনুপস্থিত অপর ৮ জনকে ১৫ বছরের সাজা দিয়েছে। অপর ২৫ জনকে খালাস দেয়া হয়েছে। অবশিষ্ট ৫ জনের ভাগ্য সম্পর্কে তাত্ক্ষণিক কিছু জানা যায়নি। কৌঁসুলিরা বলেছেন, অভিযুক্তরা মুসলিম ব্রাদারহুডের মিত্র আল-ইসলা গ্রুপের সঙ্গে জড়িত। ইউএইতে এদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এটি ছিল ইউএই’র ইতিহাসে বৃহত্তম বিচার কার্যক্রম। অভিযুক্তদের মধ্যে আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী এবং মানবাধিকার কর্মী রয়েছে। সরকার উত্খাতের চক্রান্তের অভিযোগে ২০১২ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে দেশটির মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এগিয়ে গেল।