অবিলম্বে পূর্ণাঙ্গ অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে মনে করে, প্রস্তাবিত অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ প্রতিবেদনে শতকরা ৭০ ভাগ বেতন বাড়ানোর যে সুপারিশ করা হয়েছে তা অগ্রহণযোগ্য। সুপারিশ দ্রব্যমূল্য ও ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
গতকাল দৈনিক ভোরের কাগজের কার্যালয়ের সামনে পূর্ণাঙ্গ ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও নিয়মিত বেতন ভাতার দাবিতে ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতবৃদ এ দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ দৈনিক ভোরের কাগজে যেসব সাংবাদিক ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন পান না তাদের অবিলম্বে ওয়েজ বোর্ডের আওতায় বেতন প্রদানের দাবি জানান।
যৌক্তিক ও গ্রহণযোগ্য অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ অবিলম্বে ঘোষণা না করা হলে ডিইউজে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। ডিইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, দৈনিক গণজাগরণ-এর ইউনিট চিফ জিল্লুর রহিম আজাদ প্রমুখ।
