লন্ডনে মুসলমানদের জন্য রমজানে বিশেষ স্বাস্থ্যসেবা

আপডেট : ০২ জুলাই ২০১৩, ২২:৫৭
রমজান মাসে মুসলমানদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের একটি ন্যাশনাল হেল্থ সার্ভিস ট্রাস্ট। বার্ট্স হেল্থ এনএইচএস নামে এই ট্রাস্ট লন্ডনে বাঙালি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেট্স, নিউহ্যাম এলাকার বাসিন্দাদের প্রতিবছর এ বিশেষ স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। সুস্বাস্থ্য বজায় রেখে স্থানীয় মুসলমানরা যাতে সঠিকভাবে তাদের রোজা পালন করতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে তারা এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে ‘স্টেয়িং হেলিদ ইন রমাদান বা রমজান মাসে সুস্থ থাকা’ নামে ক্যাম্পেইন চালু করেছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রত্যেক অধিবাসী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) বিভিন্ন ট্রাস্টের অধীনে এলাকা ভাগ করে ব্রিটেনজুড়ে চিকিত্সা সেবা দিয়ে থাকে। স্বাস্থ্যসেবার ব্যয় বহন করার জন্য দেশের কর্মজীবী মানুষের আয়ের একটি অংশ ন্যাশনাল ইন্স্যুরেন্স বাবদ কেটে নেয় সরকার। বার্ট্স হেল্থ এনএইচএস ট্রাস্টের প্রধান স্যার স্টিভেন ও’ ব্রায়েন বলেছেনঃ রমজান মাসে মুসলমানদের অনেকে রোজা পালন করতে গিয়ে নিয়মিত ওষুধ সেবন বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখতে পারেন না। অনেকে রোজার ব্যাঘাত ঘটবে এ কারণে শারীরিক সমস্যা দেখা দিলেও রমজানে চিকিত্সকের পরামর্শ নিতে চান না। এতে অবস্থার মারত্মক অবনতি ঘটতে পারে। তিনি বলেন, যাদের লিভার, কিডনি ও ক্যান্সারের মত জটিল অসুখ রয়েছে এবং যাদের ডায়াবেটিসের কারণে ইন্স্যুলিন নিতে হয় কিংবা গর্ভবতী মহিলাদের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা জরুরি। তিনি মুসলমানদের রোজা শুরু হওয়ার আগেই নিজ নিজ ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান জানান। চিকিত্সাসেবা গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে পরামর্শ দেয়ার জন্য বার্ট্স ট্রাস্টে তিনজন ইসলামিক চ্যাপলিন বা ধর্মযাজক রয়েছেন, যাদের একজন মহিলা। তারা সারা বছর মুসলমানদের চিকিত্সাসেবা গ্রহণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। বার্ট্স ট্রাস্টের চ্যাপলিন ইমাম ইউনুস দোদওয়ালা বলেছেন, এই বছর ব্রিটেনে রোজার সময় হবে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা। অনেকে অসুস্থতার কারণে এত দীর্ঘ সময় রোজা রাখতে সমর্থ না-ও হতে পারেন। এ জন্য চিকিত্সকরা তাদের স্বাস্থ্যবিষয়ে পরামর্শ দেবেন আর ইমামরা ঐ অবস্থা বিবেচনা করে ধর্মীয় বিষয়ে পরামর্শ দেবেন।