হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা বরাবরই ভালো কাজের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছেন আরবি ভাষায়। বিজ্ঞাপনটি প্রচারের আগে থেকেই কণা বেশ প্রশংসিত হয়েছেন এই কাজ নিয়ে। তাকে নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন
আশীষ সেনগুপ্ত
পুরোপুরি গানের মানুষ তিনি। তারপরও মাঝেমধ্যে নাটকে অভিনয় ও উপস্থাপনা করে তিনি তার বৈচিত্র্যময় শিল্পীসত্তার বিকাশ ঘটিয়েছেন। তবে গানই তার প্রথম ভালোবাসা। ২০০৬ সালে বাজারে আসে কণার প্রথম সলো অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত ওই অ্যালবাম শ্রোতারা খুব ভালোভাবেই গ্রহণ করে। তিন বছর পর ২০০৯ সালে বাজারে আসে তার দ্বিতীয় সলো ‘ফুয়াদ ফিচারিং কণা’। ওই অ্যালবামের ‘বরষা’ গানটি এখনও শ্রোতার মুখে মুখে। এরপর বাজারে আসে কণার তৃতীয় সলো অ্যালবাম। ওই অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠিত হয় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। কনার প্রথম পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওর অ্যালবামটি ছিল ‘সিম্পলি কণা :দ্য মিউজিক ভিডিও অ্যালবাম’। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো—‘ধিমতানা’, ‘যাই ভুলে যাই’, ‘অপেক্ষা’, ‘ভুল’, ‘পাহারা’, ‘প্রিয় যাই যাই বলো না’, ‘নীলপরী’, ‘জাস্ট ওয়ান ক্লিক’ ও ‘ইওর লাভ’। গানগুলোর সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার এবং ফুয়াদ আল মুক্তাদির। আর গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। মিউজিক ভিডিও অ্যালবামটি প্রসঙ্গে কণা বলেন, ‘অ্যালবাম প্রকাশের অনেক আগে থেকেই সবার কাছে খরচের দিকটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আসলে আমার কাছে টাকার বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি চেয়েছিলাম শ্রোতাদেরকে ভালোমানের একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’ কণা আরও বলেন, ‘একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও অ্যালবাম তৈরির পরিকল্পনা আমার অনেক দিনের, শুধু অ্যালবাম হলেই হবে না, সেটি হতে হবে সবার পছন্দের। ভালো মিউজিক ভিডিও তৈরির জন্য যা যা প্রয়োজন ছিল, তার সবই করেছি।’ কণার ভিডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে ওই সময় শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন সংগীত পরিচালক ইরাজ। এ ছাড়া বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন আসিফ, শওকত আলী ইমন, ইবরার টিপু, ফারহানা নিশো, ইমন, নিরব, নির্ঝর, কিশোর, সাব্বির, কোনাল, ঝিলিক, রাখি এবং নির্মাতা গাজী শুভ্র ও শুভব্রত সরকারসহ আরও অনেকে। কণার গানের মিউজিক ভিডিওগুলোর নির্মাতারা হলেন গাজী শুভ্র, সুবব্রত সরকার, ডিলন ডি সিলভা ও চামিন। অ্যালবামের গানগুলোতে মডেল হয়েছেন নোবেল, নিরব ও রাখী। আর এসব গানের শুটিং হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। কণা বর্তমান সময়ে জিঙ্গেল, ভয়েস ওভার, প্লেব্যাক, স্টেজ শো এবং নজরুল সংগীতের একক অ্যালবামের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছেন। সম্প্রতি কণা একটি বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়েছেন আরবি ভাষায়। বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠশিল্পীর আরবিতে গাওয়া আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন একটি কনসেপ্ট।
এর আগে দেশের বাইরে কণা হিন্দিতে জিঙ্গেল করলেও এবারই প্রথম দেশের ভেতর কোনো পণ্যের বিজ্ঞাপনে আরবি ভাষায় গাইলেন। আসাদুজ্জামান লিটন পরিচালিত ‘বোটানিক এ্যারোমা আল্পনা মেহেদী’ বিজ্ঞাপনটির জিঙ্গেলে কণা আরবিতে গেয়েছেন। জিঙ্গেলটির শুরুটা ঠিক এমন ‘এ্যাল্লোন আসাদি আকা’। জিঙ্গেলটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে কণা বলেন, ‘সংগীত পরিচালক জে কে ভাইয়া যখন আমাকে পুরো বিষয়টি বুঝিয়ে দিলেন আমি ভেবেছিলাম হয়তো পারব না। কিন্তু পারব না—এমনটা হতে পারে না। অবশেষে চ্যালেঞ্জ নিয়েই কাজটি করলাম। সত্যিই আমার কাছে জিঙ্গেলটি অনেক মজা লেগেছে। শোনার পর আমি নিজেই বেশ উপভোগ করেছি।’ জিঙ্গেলটির সুর সংগীতায়োজন করেছেন জে কে। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে আছেন জনপ্রিয় মডেল তারকা সারিকা।
এরই মধ্যে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কণার গাওয়া আরবি ভাষার জিঙ্গেলসহ বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এর আগে কণা লন্ডনের লোকাল চ্যানেলগুলোত ইন্ডিয়ান বিভিন্ন পণ্যের প্রচারের জন্য হিন্দিতে জিঙ্গেল করেছিলেন। তবে ভিন্ন দেশের ভাষায় গানও গাওয়ার ক্ষেত্রে প্রথম তিনি সিংহলি ভাষায় গান করেন। আসলে কণার কণ্ঠে সব ধরনের গানই সহজে মানিয়ে যায়। কণা নিজেই তার প্রমাণ। ক্যারিয়ারের শুরু থেকেই অডিও, চলচ্চিত্র, বিজ্ঞাপনের জিঙ্গেল সব বিভাগেই কাজ করে যাচ্ছেন একটানা। এ সময়ের বেশির ভাগ সুরকার, সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে কণার। বলা যায়, সবখানে সব গানে কণা আছেন ছড়িয়ে।
কণার স্বপ্ন একটাই—একজন ভালো কণ্ঠশিল্পী হওয়া।
