ব্রেক্সিটের প্রথম ধাপ সম্পন্ন হলেই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রবিবার দেশটির কারাগার বিষয়ক মন্ত্রী রবার্ট বাকল্যান্ডের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির এক মন্ত্রী রবার্ট বাকল্যান্ড জানান, 'পদত্যাগের বিষয়ে তার (থেরেসা মে) কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।'
ইতিপূর্বে থেরেসা মে প্রস্তাব করেছিলেন যে, যদি শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সরে যাওয়ার (ব্রেক্সিট) বিষয়ে তার সম্পাদিত চুক্তিটি সংসদে পাস হয় তবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এছাড়াও তার দলের শীর্ষস্থানীয় আইনপ্রণেতারাও নেতৃত্বে পরিবর্তন চাচ্ছেন বলে ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়।
তবে গত বছর মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকল্যান্ড জানিয়েছিলেন, 'প্রধানমন্ত্রী (থেরেসা মে) বলেছেন, ব্রেক্সিটের প্রথম ধাপের কাজ শেষ করতে পারলেই তিনি পদত্যাগ করবেন। আগামী নভেম্বরে ইইউ এবং পার্লামেন্ট উভয় পক্ষ থেকে চুক্তিটিতে সম্মত হওয়ার পরই সেটা হওয়ার সম্ভাবণা রয়েছে।'
আরও পড়ুন: পাকিস্তানি হোটেলে স্বাধীনতাকামীদের হামলা, নিহত বেড়ে ৮
এমনকি ওই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, 'যদি এটা খুব দ্রুত হয়, তবে আমরা এর জন্য ইতিমধ্যে সময়সীমা ঠিক করে রেখেছি। আমি মনে করি না তার (থেরেসা) এ নিয়ে আর কিছু বলার প্রয়োজন রয়েছে।' তবে এরপর গত বছর থেকে এখন পর্যন্ত ব্রেক্সিটের পক্ষে থেরেসা মে'র সম্পাদিত সেই চুক্তিটি দেশটির সংসদে বারবার মুখ থুবড়ে পড়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
