চীনে বন্যায় ৩৯ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:০১
চীনে মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে সপ্তাহান্ত থেকে মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম একথা জানিয়ে আরো প্রবল বৃষ্টিপাতের আশংকা প্রকাশ করেছে। সোমরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না ডেইলি বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ও উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়াসহ ক্ষতিগ্রস্ত ৯টি এলাকায় অপর ১৩ জন নিখোঁজ রয়েছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র সিচুয়ান অববাহিকা, উত্তর ও উত্তর-পূর্ব চীন, ইয়েলো ও হোয়াইহি নদী সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের আশংকা প্রকাশ করেছে। এতে বলা হয়, চীনে চলতি বছরে ষষ্ঠ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় রুমবিয়া দক্ষিণের উপকূলীয় গুয়াংডং ও হাইনান প্রদেশের দিকে যাচ্ছে। রুমবিয়ার কারণে সোমবার হংকংয়ে বার্ষিক গণতন্ত্র র্যালি প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে পড়েছে। ঝড় ফিলিপাইন এলাকা অতিক্রমকালে সমুদ্র প্রবলভাবে ফেঁপে উঠায় শনিবার ৪ শিশু ডুবে গেছে।