পুঠিয়ায় কলেজ ছাত্রের হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:২২
এক সপ্তাহ ধরে নিখোঁজ রাজশাহীর পুঠিয়ার কলেজ ছাত্র আব্দুল মতিনের হাত বাঁধা অর্ধগলিত লাশ পুলিশ গতকাল বুধবার স্থানীয় একটি পাটক্ষেত থেকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহত আব্দুল মতিন জায়গীরপাড়ার নুর ইসলামের ছেলে ও পুঠিয়া টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। বেলা ১১টায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের চাচাতো ভাই বানী বলেন, গত ২৮ জুন রাতে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মতিন আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার তার পিতা নুর ইসলাম পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার শিবপুর এলাকার দেয়ারের বিলের একটি পাটক্ষেতে এক যুবকের অর্ধগলিত লাশ দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ও মতিনের স্বজনরা পরনের কাপড় দেখে তার লাশ শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কারণে মতিন খুন হয়ে থাকতে পারে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।