আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল এবং ভেজাল, পচা-বাসি খাবার বিক্রয় ঠেকাতে নগরীতে নিয়মিত বাজার তদারকি করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে কাউন্সিলরের নেতৃত্বে বাজার পরিচালিত হবে। পাশাপাশি সিটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল ও বাসি খাবার বিক্রি, ওজনে কারচুপি প্রতিরোধ করা হবে। এছাড়া ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে রমজান মাসে চট্টগ্রামে মিটলেস ডে থাকবে না। ফলে নগরবাসী প্রতিদিন জবাই করা পশুর মাংস কিনতে পারবেন। রমজান মাসে যানজট এড়াতে বাজার সংলগ্ন রাস্তায় অথবা শহরের অন্যত্র রাস্তার ওপর বাজার বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের আইনের আওতায় নেয়া হবে। মঙ্গলবার নগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় সিটি মেয়র এম মনজুর আলম এসব পদক্ষেপের কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ব্যবসায়ী জহির আহমদ, মো. ইলিয়াছ, জানে আলম, বদিউল আলম প্রমুখ।
