হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তার ৩ শতাধিক গাছ গত দুই দিনে কেটে নিয়েছে জেলা পরিষদ ও ইউনিয়ন ফেডারেশনের কতিপয় ব্যাক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদ ও হাতীবান্ধা ডাকবাংলো’র দুই কর্মচারী, টংভাঙ্গা আরডিআরএস ফেডারেশনের এক কর্মকর্তার যোগসাজসে ডাকালীবান্ধা থেকে কেকতীবাড়ী পর্যন্ত রাস্তার দু’পাশে গত শুক্রবার ও শনিবার ৩ শতাধিক গাছ কাটা হয়েছে। দরপত্রের মাধ্যমে মাত্র ১৫ হাজার টাকায় ৮৯টি মরা গাছ কাটার অনুমতি নিয়ে ওই চক্র এসব গাছ কেটেছে। গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। পূর্ব বেজগ্রামের রমানাথ জানান, তার জমির পাশে ৭টি, আশরাফুল জানান, তার জমির সাথে ৩টি, অদ্যনাথ জানান, তার বাড়ির পাশে ৫টি জীবিত গাছ কাটা হয়েছে।
টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন জানান, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার হোসেনকে জানিয়েছেন। ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান জীবিত গাছ কাটার বিষয়ে জানান, তিনি নামে মাত্র গাছ কাটার ঠিকাদার। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে অন্য একজন। তবে তিনি ওই ব্যক্তির নাম বলতে নারাজ।
