নাচোলে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৬
নাচোলে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউপির কামার জগদইল গ্রামের মাইনুদ্দিনের ছেলে শরিফ (৪৫) তার স্ত্রী এমালী বেগমকে (৪০) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মামলার বাদী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মাঝে কলহ-বিবাদ শুরু হয় এবং একপর্যায়ে স্বামী শরিফ হাসুয়া নিয়ে তাড়া করলে স্ত্রী এমালী ও ছোট মেয়ে হালেমা (১২) বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। এদিকে ভোর ৪টার দিকে এমালী বেগম বাড়িতে প্রবেশ করতে গেলে দরজার সামনেই তার স্বামী শরিফ কোদাল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গৃহকর্তা শরিফ ও তার মা মোমেনা বেগম (৬২) বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে এলাকাবাসীর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও সুরতহাল পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নাচোল থানার অফিসার ইনচার্জ সাঈদ ইকবাল জানান, এঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম (৩৮) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।