নান্দাইলে পাঁচ শিশু শিক্ষার্থী নিখোঁজ!

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৭
গত রবিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচ শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজরা হচ্ছে- নান্দাইল ইউনিয়নের পাচানি গ্রামের হেপি, পিংকি, সালমা, মারুফা ও টোটন। অন্যান্য শিক্ষার্থীরা জানায়, ওরা গত রবিবার সবাই বিদ্যালয়ে এসেছিল। বেঞ্চে বই রেখে বেড়ানোর কথা বলে আর ফিরে আসেনি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, বিদ্যালয় এসে শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার বিষয়টি আমরাও অবাক হচ্ছি। শিশুদের অভিভাবক আবু তাহের (৫০) জানান, অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাইনি। ওই এলাকার ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া বলেন, এ ধরনের ঘটনা অতীতে তাদের গ্রামে ঘটেনি। নান্দাইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি।