জুন ক্লোজিং এবং সিস্টেমলসসহ বিভিন্ন অজুহাতে হাজার হাজার গ্রাহকের নামে ভৌতিক বিল পাঠিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে মির্জাপুর পল্লী বিদ্যুত্ অফিস । তারা সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে ৫৮ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। বিলের কাগজ এবং মিটার রিডিংয়ের মধ্যে বিস্তর ব্যবধান থাকায় বিপাকে পড়েছে হাজার হাজার গ্রাহক। পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জোনাল অফিসে এঘটনা ঘটেছে। অফিসের এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সিস্টেমলস কাটাতে এবং সরকারি অফিসের বকেয়া বিল আদায় না হওয়ায় কিছু কিছু গ্রাহকের নামে এ ধরনের বিল যেতে পারে। অভিযোগে জানা গেছে, প্রতিবছর মে, জুন এবং জুলাই মাস এলেই তারা হাজার হাজার গ্রাহককে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে ভুক্তভোগী গ্রাহকরা জানান। যারা অভিযোগ নিয়ে গেছে তাদের সংযোগ কেটে দয়োর হুমকী দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মোঃ সোহরাব হোসেন বলেন, বিদ্যুত্ সরবরাহ আগের চেয়ে ভাল হয়েছে এবং গ্রাহকদের বিদ্যুত্ ব্যবহারও বাড়ছে। ফলে তাদের বিল বেশি হয়েছে। তবে জুন মাসের ক্লোজিং এবং সিস্টেমলস কাটিয়ে তুলতে কিছু কিছু বিল এদিক-সেদিক হতে পারে । সব গ্রাহকের অতিরিক্ত বিল যায়নি। কিছু কিছু গ্রাহক এ ধরনের অভিযোগ করেছে। তবে এ ধরনের বিল পরবর্তী মাসের সঙ্গে সমন্বয় করে দেয়া হবে বলে তিনি দাবি করেন।
