চেয়ারম্যানসহ গঙ্গাচড়ায় ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৪৯
গঙ্গাচড়ায় এলজিএসপির (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম) আওতায় বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৭ প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ মামলা করেন মর্ণেয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ও নোহালী ইউপি সচিব এরশাদ আলম। জানা যায়, গত ২০১০-২০১১ অর্থবছরে এলজিএসপির আওতায় উপজেলার মর্ণেয়া ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্যানিটারী ল্যাট্রিন, রিং-স্লাব সরবরাহ, নলকূপ স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়। এসব প্রকল্পের মধ্যে ৬টি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ জুন ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম বাদী হয়ে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলম, সাবেক সচিব রঞ্জিত চন্দ্র সরকার, ইউপি মেম্বার ও প্রকল্প চেয়ারম্যান রাজেনা বেগম, যাদু মিয়া, বাবুল মিয়া, মজিবর রহমান, মিজানুর রহমান ও এরশাদুল হককে আসামি করে অর্থ আদায় ও সার্টিফিকেট মামলা দায়ের করেন। এদিকে একই অভািযোগে নোহালী ইউপি সচিব বাদী হয়ে একই দিনে ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মর্ণেয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, প্রকল্পের কাজ চলাকালীন এলজিইডির সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী তদারকি ও বিল ভাউচারে স্বাক্ষর করেছেন। এতদিন পরে মামলা অযৌক্তিক। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান সামসুল আলম বলেন, সে সময় নতুন ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।