কিডনির সুস্থতায় প্রোটিন ডায়েট খাবেন কি?

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৫০
কিডনির সুস্থতার জন্য সকলের চেষ্টা থাকে। বিশেষ করে শরীরের অন্যতম ভাইটাল অর্গান হিসেবে কিডনি সুস্থ রাখতে খাবারের ভূমিকা অনেক বেশি। এতদিন কিডনির জন্য হাইপ্রোটিন ও লো-কার্বোহাইড্রেট ডায়েট অর্থাত্ উচ্চ আমিষসমৃদ্ধ খাবার ও কম শর্করাযুক্ত খাবার কিডনির জন্য ক্ষতিকর মনে করা হতো। কিন্তু সম্প্রতি নতুন গবেষণায় বিশেষজ্ঞগণ বলছেন সুস্থ মানুষের জন্য এ ধরনের ডায়েট রেস্ট্রিকশন প্রয়োজ্য নয়। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা যায় যাদের দীর্ঘমেয়াদী রোগ অথবা কিডনির সমস্যা নেই তাদের হাইপ্রোটিন ডায়েট ক্ষতি করে না। সংশ্লিষ্ট গবেষণার প্রধান গবেষক ড. অ্যালোন ফ্রাইডম্যান আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির ক্লিনিক্যাল জার্নালে উল্লেখ করেছেন সুস্থ মানুষের ক্ষেত্রেও হাইপ্রোটিন ও লো-কার্বোহাইড্রেট ডায়েট ক্ষতিকর হিসেবে বিগত এক দশক ধরে যে ধারণা করা হতো তা ঠিক নয়। তবে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের চিফ মেডিক্যাল অফিসার ড. জোসেফ ভাসালোতি সাধারণ মানুষকে প্রোটিন ডায়েট ও কার্বোহাইড্রেট ডায়েট সংক্রান্ত গবেষণার ফলাফলকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে বলেছেন। সবচেয়ে ভালো হয় কিডনি রোগীদের যেকোন সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডায়েট নির্বাচন করা। লেখক:চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ