বড় দুটি দল দেশকে উপহার দিয়েছে দুর্নীতি ও দুঃশাসন

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২১:৫১
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, যারা আদর্শিক ও নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিক ভিত্তি নেই তারাই আওয়ামী লীগ এবং বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এ দু’টি দলের সরকার জাতিকে দুর্নীতি ও দুঃশাসন উপহার দিয়েছে। বুধবার পুরানা পল্টন আইএবি মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, বড় দু’টি রাজনৈতিক দল দেশের অর্থনীতির ভিত নষ্ট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাদের অব্যাহত দুঃশাসনে জাতি অতিষ্ঠ হয়ে যখন মুক্তির পথ খুঁজছে তখন কিছু ক্ষমতালোভী ব্যক্তি ও গোষ্ঠী জোট-মহাজোটে অন্তর্ভুক্ত হয়ে দু’টি দলকে পুনর্বাসিত করার চেষ্টা চালাচ্ছে। শুরা অধিবেশনে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা নূরুল হুদা ফয়েজী, ডা. মোখতার হোসাইন, মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মুফতি ওমর ফারুক, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী প্রমুখ।