অবসরে মার্টিন!

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০১
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস মার্টিন। ৭১টি টেস্ট খেলে মার্টিন নিয়েছেন ২৩৩টি উইকেট যা নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া ২০টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন এই ক্রিকেটার। গতকাল অবসরের ঘোষণা দিতে গিয়ে ৩৮ বছর বয়সী মার্টিন বলেন, ‘অবসর নেয়ার জন্য এটাই আমার জন্য সেরা সময়। আমি ১৫ বছর ধরে পেশাদার ক্রিকেটে আছি। কালো টুপি পরে আমি যতোদিন খেলেছি, তার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এখন আমি নতুন কোন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ ২০০০ সালের নভেম্বর মাসে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় ক্রিস মার্টিনের।