কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পল্লীতে চোরাকারবারি সন্দেহ করে ঘরবাড়ি তল্লাশির পর সংঘর্ষ ও এরই এক পর্যায়ে গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে বিজিবি। সংঘর্ষে বিজিবি জওয়ানসহ ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে নারীসহ দুইজন। গুলির খবর ছড়িয়ে পড়লে ৩ শতাধিক নারী-পুরুষ দেশি লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের আক্রমণ করে। বিজিবি সদস্যরা ক্যাপ, ২টি গুলি ও একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীর দেশি অস্ত্রের আঘাতে বিজিবির এসএমজি ভেঙ্গে যায়। গুলিবিদ্ধদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিকটবর্তী অনন্তপুর ক্যাম্পসহ আশপাশের এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
