সাতটি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। অনশনের তৃতীয় দিন বুধবার বিকালে এ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাসলিমা বেগম গতকাল বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে অনশনরত ছাত্র-ছাত্রীদের নেতৃবৃন্দের সঙ্গে ৬ দফা দাবি নিয়ে আলোচনা করেন। তিন মাসের মধ্যে ৬ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) নেতৃবৃন্দ আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত পরিচালক পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙ্গান। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র-ছাত্রীরা বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার থেকে ৭টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা একযোগে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। বিবিজিএসএনএ’র সভাপতি রাজিব কুমার বিশ্বাস, সহ-সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক সালমা আক্তার বলেন, শীর্ষ কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। আশা করছি আমাদের দাবিসমূহ তিন মাসের মধ্যে মেনে নেয়া হবে।
৭টি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করায় নেতৃবৃন্দ তাদের অভিনন্দন জানান। অনশন ভাঙ্গানোর সময় ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ইরাদিব্রাসহ সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
