খাগড়াছড়িতে পরিবহন ধর্মঘট শুরু

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৩
জেলার সকল সড়কে নির্বিঘ্ন পরিবহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার সকাল থেকে খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। জেলার আন্তঃউপজেলা সড়ক ও দূরপাল্লার সড়কে কোন ভারী যানবাহন চলাচল না করায় শত শত যাত্রী আটকা ও চরম দুর্ভোগে পড়েছে। ভারী যানবাহন চলাচল না করায় জেলার মৌসুমী ফল ও শাক-সবজির পাইকারি ও খুচরা ক্রেতা-বিক্রেতারা পড়েছে ভীষণ বিপাকে। পার্বত্য চট্টগ্রামে পরিবহন সেক্টরে সামপ্রতিককালে উপজাতীয় অস্ত্রধারী কর্তৃক বিভিন্ন সড়কে আগুন দিয়ে যানবাহন জ্বালিয়ে দেয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ প্রদান, যানবাহনে চাঁদাবাজি বন্ধ, জড়াজীর্ণ ও খানাখন্দে ভরা সড়কের মেরামতের উদ্যোগ, বিভিন্ন সড়কে চলা অবৈধ মোটরসাইকেল, মাহিন্দ্র ও সিএনজি বন্ধ, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এ ধর্মঘট আহবান করেছে।