কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক বিজয়ী হয়েছেন। মোট ১১৮ কেন্দ্রে নৌকা প্রতীকে রেজওয়ান পেয়েছেন ১ লাখ ৫৩ ভোট। একমাত্র প্রতিদ্বন্দ্ব্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৮ হাজার ৭৮৫ ভোট। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইটনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, মিঠামইন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মুখলেসুর রহমান এবং অষ্টগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা স্থানীয়ভাবে যে ফলাফল ঘোষণা করেন তাতে এ বিজয়ের চিত্র উঠে আসে।
তবে গতকাল রাতে (৯টা) এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহরে নির্বাচনের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেননি।
হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত এই আসনে গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ১২৬ জন।
