ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধের স্বাক্ষর বেগম খালেদা জিয়ার নয়। এটা জালিয়াতি ও ষড়যন্ত্র। এর সঙ্গে সরকার সরাসরি জড়িত। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেছেন। তিনি বলেন, ওয়াশিংটন টাইমস একটা বেসরকারি প্রতিষ্ঠান। আর বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে সবকিছু করা সম্ভব। আমরা শুরু থেকে এর প্রতিবাদ করে আসছি। এ নিয়ে বেশি ‘প্যাঁচাবেন’ না।
তিনি আরো বলেন, তত্কালীন বিরোধী দলীয় নেত্রীর (বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চিঠি দেয়ার সংস্কৃতি রয়েছে। তিনি অনেক জায়গায় চিঠি লিখেছেন। তিনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্ট কি কান কথা শুনেন, যে বিরোধী দলীয় নেতা কান কথা বললেন-আর তা শুনে ওবামা প্রশাসন জিএসপি সুবিধা বাতিল করছে। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের দায়িত্বরত মেয়র সেলিনা হায়াত্ আইভী আজমত উল্লাহ খানের পক্ষে কাজ করছেন, যা তিনি পারেন না। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন।
