গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:৪৫
অরাজনৈতিক নির্বাচনকে রাজনৈতিক রূপ দেয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এই নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রিটে আওয়ামী লীগ সভানেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার এবং স্থানীয় সরকার সচিবসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনীত করেছে। প্রার্থী মনোনীত হওয়ার পর উভয় দলের কেন্দ্রীয় নেতারা তাদের নিজ নিজ মেয়র প্রার্থীর পক্ষে প্রচারাভিযান চালাচ্ছেন। প্রচারাভিযানে সরকারের সফলতা ও ব্যর্থতার বিষয়গুলো ভোটারদের কাছে উপস্থাপন করা হচ্ছে। অথচ স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনানুযায়ী এই নির্বাচন হবে পুরোপুরি অরাজনৈতিক। কিন্তু যেভাবে দলীয় মোড়কে নির্বাচনে প্রচারাভিযান চালানো হচ্ছে তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ও নির্বাচনী আচরণ বিধির লংঘন। আবেদনে বলা হয়েছে, গাজীপুরে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছেন। এছাড়া উভয় প্রার্থী তাদের সাংবিধানিক দায় ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন।