ফুলগুলি যেন কথা

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ১৯:১৪
পারুলের সন্ধানে আমিরুল আলম খান প্রথম প্রকাশ : ২০০৮ প্রকাশক ও গ্রন্থস্বত্ব :প্রমিতা খান প্রচ্ছদ :দীপক দত্ত মূল্য :৩০০ টাকা। অর্থনৈতিক মন্দার বাজারে সাধারণ মানুষ এতই বৈষয়িক জীবনের কঠিন সংগ্রামে লিপ্ত ও বিপর্যস্ত যে, তাদের মহানন্দের বাহন এবং সুন্দরের প্রতিভূ ফুলের প্রতি আকর্ষণ যেন দিন দিন হ্রাস পেতে চলেছে। তবে কবি-সাহিত্যিকদের কাছে ফুলের কদর চিরকালের। ফুলের কোমলতা, শোভা এবং সৌরভ সবার মনের মনিকোঠায় সন্দেহাতীতভাবে আপন আপন চিত্ত-বিনোদনের খোরাক। আজকাল মধ্যবিত্ত শ্রেণির নানা অনুষ্ঠানে অপরিহার্য বিধায় ফুলের ব্যবসা-বাণিজ্যও কোথাও কোথাও রমরমা। তবে ফুলকে যারা ভালো না বেসে অবহেলা করে, তাদের হূদয় বলে কিছু আছে বলে মনে হয় না। তারা নির্মম পাষাণ! বলছিলাম আমিরুল আলম খান প্রণীত ‘পারুলের সন্ধানে’ বই-প্রসঙ্গে। আলোচ্য গ্রন্থের গ্রন্থকার আমিরুল আলমের ফুলের প্রতি যে অনন্ত অসীম ভালোবাসা, তা বলার অপেক্ষা রাখে না। বলতে কি, পারুল ফুলটি শুধু যে আমাদের পুষ্প-উদ্যান থেকে উধাও হয়েছে তা-ই নয়, বরং তা দুষ্প্রাপ্য বলেই ফুল-গবেষকগণ প্রমাদ গুণছেন। কিন্তু পুষ্পপ্রেমিক আমিরুল আলম খান হাল ছাড়ার মানুষ নন। তিনি পারুলের সন্ধানে ভারত ও বাংলাদেশ ছাড়িয়ে সুদূর মালয়েশিয়া ভ্রমণ করে এসেছেন। আবিশ্ব পুষ্পপ্রেমিক বাঙালিদের আমি তাই জানান দিই, তাঁরা যেন আমিরুল আলমের এই অতি সুপাঠ্য গ্রন্থ ‘পারুলের সন্ধানে’ পাঠ করেন এবং অনতিবিলম্বে আমাদের সন্ধান দেন যে, পারুল আছে, সে মরতে পারে না, মরেনি। একশ বত্রিশটি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ‘পারুলের সন্ধানে’ শুধু আমিরুল আলমকেই স্বমূর্ত দেখি, তিনি তন্ময় হয়ে নানা ফুলের মালা গেঁথে চলেছেন কাব্যের গদ্যে; কী অপূর্ব বর্ণনা দিয়ে চলেছেন বাংলার ষড়ঋতুর প্রতিটি ফুলের বর্ণাঢ্য গীত-বয়ানে। গ্রন্থটি খুলতেই লেখক কর্তৃক তোলা একগুচ্ছ লাল-সাদা পাপড়ি মেলা ফুল আর ফুলের কুসুমের ওপর রবীন্দ্রনাথের ঋতুসঙ্গমে রচিত কতিপয় কবিতাচরণ সূচির পরই সুশোভিত করেছে মুখপত্র। এবং রয়েছে আমিরুলের মত বিষয়ের বাইরের মানুষদের নিঃস্বার্থ তত্রাচ তীব্র অত্যাগসহন প্রেমের অতীব গুরুত্বপূর্ণ কার্যকারিতা। আসলেই আমিরুল আমাকে এই নিসর্গপ্রেমের অভিজ্ঞানটি দিয়ে চমকে দিয়েছেন। অভিনন্দন তাঁকে।’ গ্রন্থের প্রায় প্রতিটি পাতায় যথার্থ রঙিন পুষ্পশোভায় শোভিত স্থির-চিত্রাবলি হয়েছে বড়ই মনোমুগ্ধকর। এমন একটি হূদয়গ্রাহী গ্রন্থ দেশবাসীর সকলের সংগ্রহে থাকা বাঞ্ছনীয়।