জাকিয়া বারী মম এখন ম্যানার ম্যানিয়াক। সবকিছুতেই ‘পারফেক্ট’ হওয়াটা তার মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সব কিছুই তার মনমতো হতে হবে। স্বামী শিমুলকেও দিন-রাত অস্থির করে ফেলে মম। কৌতুক করে অনেকে মমকে বলে-ম্যানার বিশেষজ্ঞ। মম’র ম্যানার ম্যানিয়াক স্বভাব একসময় প্রকট আকার ধারণ করে। জীবনের সব সম্পর্কর সমীকরণ ওলটপালট হয়ে যায় এই একটি কারণে—এমন কাহিনী নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ম্যানার ম্যানিয়াক’। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এ নাটকের মাধ্যমেই দীর্ঘ পাঁচ বছর পর জুটিবদ্ধ হয়েছেন মনির খান শিমুল ও জাকিয়া বারী মম। এর আগে টনি ডায়েস পরিচালিত একটি নাটকে প্রথমবার অভিনয় করেছিলেন দুজন। শিমুল বলেন, ‘মম প্রতিভাময়ী অভিনেত্রী। এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেধাবী, আন্তরিক, সহকর্মী হিসেবে যথার্থ। তার সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি।’ শিমুলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মম বলেন, ‘ভালো লেগেছে শিমুল ভাইয়ের সঙ্গে কাজ করে। তিনি সেটে থাকলে একটা প্রাণচাঞ্চল্য কাজ করে সবার মধ্যে। অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে।’
‘ম্যানার ম্যানিয়াক’ নাটকে আরও অভিনয় করেছেন ভিট-চ্যানেল আই টপ মডেল তন্ময় এবং তানভীর মাসুদ। নাটকটি আসছে ঈদে একটি প্রচার হবে।
