গিটারের সাথে শখ্য তার প্রায় দীর্ঘদিনের। মাকসুদুল হকের সাথে বাজিয়েছেন টানা কয়েক বছর। নিজের গান আর কম্পোজিশনের পাশাপাশি এনটিভিতে কর্মরত আছেন তিনি। মিউজিকই তার ধ্যান-জ্ঞান। আর এই সকল অভিজ্ঞতার রসদ নিয়েই এবারে নিজের মতো করে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেছেন। ব্যান্ডের নাম দিয়েছেন চ্যাপ্টার ওয়ান। নামের মতোই নিজের নতুন এই মিউজিক চ্যাপ্টারের প্রথম সোপান অনুযায়ী বিভিন্ন ক্লাব শোতে অংশ নিচ্ছেন তারা। সর্বমোট ৫ জন সদস্যদের নিয়ে গড়া সুমনের চ্যাপ্টার ওয়ান ব্যান্ডদল বর্তমানে জন বন জভি, রেড হট চিলি পেপারস, মেরুন ফাইভ, ব্রায়ান অ্যাডামসসহ একাধিক কাভার সং পারফর্মের জন্য প্রস্তুত হয়েছেন।
চ্যাপ্টার ওয়ানের পরিকল্পনা প্রসঙ্গে ব্যান্ডদটির দলনেতা এস আই সুমন বলেন, ‘আমরা কিছু ওয়েস্টার্ন ইস্টার্ন ফিউশন করে নতুন একটা সাউন্ড দর্শক শ্রোতাদের দেওয়ার চেষ্টা করছি। এরই ভেতরে বেশ কিছু শো আমরা করেছি। যেখানে বেশ ভালো রেসপন্স পেয়েছি।’
