জিএসপি সুবিধা ফিরে পেতে টাস্কফোর্স গঠনের সুপারিশ

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:৪৫
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজিত “রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবস্থা” শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে বুধবার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রধান অতিথির বক্তৃতায় ড. মশিউর রহমান বলেন, আইএলও, বিজিএমই এবং বিদেশি ক্রেতাদের সমন্বয়ে বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদানে সাহায্য করছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের জন্য যা করণীয় তা করতে সচেষ্ট সরকার। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, দ্বিতীয় প্রজন্মে শিল্প উন্নয়নের ক্ষেত্রে নানা বাধা-বিপত্তি, চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে চলেছে। কিছু সমস্যা থাকলেও তা উত্তরণের পথও আছে। মার্কিন জিএসপি সুবিধা ফিরে পেতে আলোচনার জন্য তিনি একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেন। বিশেষ অতিথি হিসেবে প্যানেল আলোচক ছিলেন বিসিসিআই-এর বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিয়ান ভন মিটজলাফ, এভিন্স গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আনওয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজমুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শিবলী আহমেদ খান ও ব্যবসা বিভাগের অন্বেষা জাহিন, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আকতার, গ্লোবাল হিউম্যান রাইটসের পরিচালক জিয়া আহাদ এবং ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।