এডিবি অর্থায়নের অধিকাংশ প্রকল্পের গতি মন্থর

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১০
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ৫৭টি প্রকল্পের মধ্যে ৩২টির বাস্তবায়নের গতি মন্থর বলে চিহ্নিত করেছে সংস্থাটি। এর মধ্যে বেশ কয়েকটির মেয়াদকাল শেষের পথে। তাছাড়া ১২টি প্রকল্পকে সমস্যাগ্রস্ত বলেও উল্লেখ করেছে সংস্থাটি। বুধবার সফরত এডিবি’র দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক জোয়ান মিরান্ডার সঙ্গে এক বৈঠকে প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনার সময় এ মত প্রকাশ করা হয় ব্যাংকের তরফে। ইআরডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী পর্যালোচনা বৈঠকে সরকার ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রকল্পের পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে আরো দক্ষ ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে এডিবি কর্মকর্তারা সরকারকে তাগিদ দেয়। বাংলাদেশে এডিবি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে মোট ৫৭টি প্রকল্প। এতে এডিবি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫১৩ কোটি ডলার।